ঢাকা দক্ষিণে মেয়র হলে ময়লার বিল তুলে দেওয়ার প্রতিশ্রুতি আসিফ মাহমুদের

নিজস্ব প্রতিবেদক : ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানিয়েছেন, তিনি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না।
শনিবার (২ মে) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘিরে রাজনৈতিক মহলে ইতোমধ্যেই আলোচনা চলছে।
পোস্টে আসিফ মাহমুদ বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ওপর থেকে ময়লা ব্যবস্থাপনা বাবদ আর্থিক চাপ তুলে দেওয়া হবে।
তিনি আরও উল্লেখ করেন, এই পরিকল্পনা বাস্তবায়নে এমন ব্যবস্থা নেওয়া হবে যাতে পরিচ্ছন্নতাকর্মীরা কোনো ধরনের আর্থিক ক্ষতির মুখে না পড়েন।
এদিকে, তার এই ঘোষণাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে জনবান্ধব উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ এর বাস্তবায়নযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।
