|

মুন্সীগঞ্জের গজারিয়ায় পানি সম্পদমন্ত্রীর খাল খনন উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

দীর্ঘদিন পর খাল খনন কর্মসূচি শুরু হওয়ায় সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, কৃষি কাজে সহায়তা হচ্ছে ও মৎস্য চাষের ব্যবস্থা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৮টায় হোসেন্দী ইউনিয়নের জামাল্দী এলাকায় খাল খনন কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানী এমপি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবদ্দশায় খাল খননের কর্মসূচি শুরু করেছিলেন। এটি শুধু একটি কর্মসূচি ছিল না বরং একটি আন্দোলন ও বিপ্লব। আজ আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন ভাবে সেই কার্যক্রম শুরু করেছি যা অব্যাহত থাকবে। জনস্বার্থে আমাদের এই কর্মসূচি আগামী ৫বছরের মধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন শেষ করতে পারলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

এছাড়াও তিনি উপজেলার বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়ার কাজলী নদী খননের জন্য পরিদর্শন করেন। এই সময় তিনি স্থানীয় শিল্প কারখানার বর্জে কাজলী নদী ভরাট হয়ে যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ‘এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে হোসেন্দী ইউনিয়নের কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। পর্যায়ক্রমে গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম প্রকল্পের কারিগরি দিক তুলে ধরে জানান, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি)-এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ২.১ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হচ্ছে। ২০২৫-২০২৬ অর্থবছরের এই প্রকল্পে বরাদ্দ দেওয়া হয়েছে ৪৯ লক্ষ ৭৫ হাজার ৯৫৪ টাকা। খালটি পুনঃখনন সম্পন্ন হলে সংশ্লিষ্ট এলাকায় জলাবদ্ধতা নিরসন হবে এবং সেচ সুবিধা বৃদ্ধির ফলে কৃষি ও মৎস্য উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মৌসুমী মাহবুব, জেলা পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ডা. হামিদা মুস্তফা এবং গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *