ভালো কাজকে তুলে ধরতে সংবাদপত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ: সচিব সাখাওয়াত হোসেন

মুন্সীগঞ্জ প্রতিনিধি: সমাজের প্রত্যেক স্তরের মানুষের ভালো কাজ সংবাদপত্রে তুলে ধরার পাশাপাশি যারা মন্দ কাজ করবে তাদের কর্মকাণ্ডও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মোঃ সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির অনুশীলন কক্ষে মুন্সীগঞ্জ বার্তা পত্রিকার অফিস ও স্টুডিও উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “সমাজের ভালো কাজগুলো সামনে এলে মানুষ ইতিবাচক কাজে উদ্বুদ্ধ হবে। একইভাবে মন্দ কাজের বিষয়গুলো প্রকাশ পেলে মানুষ সেসব কাজ থেকে বিরত থাকার শিক্ষা পাবে।” তিনি আরও বলেন, “জ্ঞানী ও মেধাবীদের অবশ্যই সম্মান দিতে হবে।”
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম।
মুন্সীগঞ্জ বার্তার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাহমুদুল হাসান মুকুট। এ সময় আরও বক্তব্য রাখেন আইসিটি কর্মকর্তা (অব.) জাতিসংঘ নজরুল ইসলাম, মুন্সীগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, বাসস প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ, আমার দেশ প্রতিনিধি মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ার গোলাম মাওলা এবং মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক আরেফিন মোল্লাসহ অন্যান্য অতিথিরা। অনুষ্ঠান শেষে অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
