ক্রীড়াচেতনায় মুখর মুন্সীগঞ্জ, শেষ হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬

“ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” — এই প্রতিপাদ্যকে ধারণ করে মুন্সীগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
রবিবার (১০ মে ২০২৬) শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মুন্সীগঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার ক্রীড়াপ্রেমী মানুষ, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম এলাকা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরান হোসেন, মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খাদিজা পারভীনসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারুণ্যের শক্তি, শৃঙ্খলা ও ক্রীড়াচেতনায় ভরপুর এ আয়োজন মুন্সীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
