মুন্সীগঞ্জে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা: উদ্ধার হওয়া নবজাতকের অভিভাবকত্ব প্রদান সংক্রান্ত সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা শিশু কল্যাণ বোর্ডের এক গুরুত্বপূর্ণ সভা বৃহস্পতিবার (৯ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার শিশুদের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এবং জেলা শিশু কল্যাণ বোর্ডের অন্যান্য সদস্যরা।
সভার অন্যতম আলোচ্য বিষয় ছিল গজারিয়া উপজেলায় উদ্ধার হওয়া এক নবজাতকের ভবিষ্যৎ সুরক্ষা ও আইনগত অভিভাবকত্ব নির্ধারণ। বিষয়টি নিয়ে বোর্ডের সদস্যরা শিশুটির সর্বোত্তম স্বার্থ, নিরাপত্তা এবং প্রচলিত আইন-বিধির আলোকে বিস্তারিত পর্যালোচনা ও মতামত প্রদান করেন।
আলোচনা শেষে বোর্ড সর্বসম্মতিক্রমে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির কাছে নবজাতকের বৈধ অভিভাবকত্ব অর্পণের সিদ্ধান্ত গ্রহণ করে। একই সঙ্গে শিশুটির নিরাপদ লালন-পালন, সার্বিক সুরক্ষা এবং কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় তদারকির ওপরও গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সভায় জেলার শিশু কল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, পুনর্বাসন এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি শিশু অধিকার সংরক্ষণ, শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
