|

মুন্সীগঞ্জে এআর ক্লিনিককে ৮০ হাজার টাকা জরিমানা

মোঃ আঃ মালেক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে বিভিন্ন অনিয়মের অভিযোগে এআর ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্স ও প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটির ফার্মেসি ও এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে পঞ্চসার ইউনিয়ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আক্তার। এ সময় মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. সাজেদা বেগমসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান সূত্রে জানা যায়, ক্লিনিকটির ১০টি বেডের অনুমোদন থাকলেও সেখানে ১৭ জন রোগী ভর্তি ছিলেন। অনুমোদিত ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত রোগী ভর্তি রাখার বিষয়টি অনিয়ম হিসেবে চিহ্নিত করা হয়।
এ ছাড়া অনুমোদন ও ফার্মাসিস্ট ছাড়াই ক্লিনিকটিতে ফার্মেসি পরিচালনা করা হচ্ছিল। সেখানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগও পাওয়া যায়। অন্যদিকে রেডিওলজিস্ট ও প্রয়োজনীয় টেকনিশিয়ান ছাড়াই এক্স-রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আরও দেখা যায়, প্রতিষ্ঠানটির সি-ক্যাটাগরির ল্যাবরেটরি লাইসেন্স থাকলেও সেখানে অনুমোদনের বাইরে বি-ক্যাটাগরির পরীক্ষা করা হচ্ছিল। ক্লিনিকের পরিষ্কার-পরিচ্ছন্নতা, রিসেপশন এবং মূল্যতালিকাসহ বিভিন্ন ব্যবস্থাপনাতেও অসংগতি পাওয়া যায়। সংশ্লিষ্টদের মতে, প্রতিষ্ঠানটির লাইসেন্সের মেয়াদও দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ১০টি বেডের অনুমোদন নিয়ে ক্লিনিকটিতে অতিরিক্ত রোগী ভর্তি রাখা হয়েছে। এ ছাড়া ফার্মাসিস্ট ছাড়াই লাইসেন্সবিহীন ফার্মেসি এবং প্রয়োজনীয় জনবল ছাড়া এক্স-রে কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল।
তিনি আরও বলেন, ফার্মেসির প্রয়োজনীয় লাইসেন্স ও ফার্মাসিস্ট নিয়োগ না দেওয়া পর্যন্ত ফার্মেসি এবং রেডিওলজিস্ট/প্রয়োজনীয় টেকনিশিয়ান নিয়োগ না দেওয়া পর্যন্ত এক্স-রে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদিত বেডসংখ্যার অতিরিক্ত নতুন রোগী ভর্তি না করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে প্রতিষ্ঠানটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে সতর্ক করা হয়েছিল বলেও সংশ্লিষ্টরা জানান। কিন্তু একই ধরনের অনিয়ম অব্যাহত থাকায় এবার আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
অভিযানে দুইটি ধারায় প্রতিষ্ঠানটিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *