চৌহালীতে ৩ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে।
অভিযানটি উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া ও হাটাইল, উমারপুর ইউনিয়নের হাপানিয়া, পয়লা, দত্তকান্দিসহ আশেপাশের চরে পরিচালিত হয়। এতে অংশ নেন উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর এবং চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।
এ সময় প্রায় ৩ লক্ষ টাকা মূল্যের ৮৬টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল এবং ১ লক্ষ টাকা মূল্যের প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে বিধি অনুযায়ী জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তানভীর হাসান মজুমদার বলেন, *“মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ সময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম ও সাইফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
