এভার কেয়ারে ভিড় না করে নিজ নিজ অবস্থান থেকে দোয়ার আহ্বান রিজভী’র

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতার জন্য নিজ নিজ অবস্থান থেকে দোয়া করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত মানবিক কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
রুহুল কবির রিজভী বলেন, আমাদের নেত্রী গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। তিনি জানান, বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করায় চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং অন্য রোগীরাও সমস্যায় পড়ছেন।
তিনি আরও বলেন, আবেগ থেকে নেত্রীর প্রতি শ্রদ্ধা জানাতে অনেকে হাসপাতালে যাচ্ছেন—এটা স্বাভাবিক। কিন্তু এই ভিড় চিকিৎসার জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই সবাইকে অনুরোধ, আপনারা নিজ নিজ অবস্থান থেকেই তার সুস্থতার জন্য দোয়া করুন।
রিজভী জানান, খালেদা জিয়া’র পরিবারের পক্ষ থেকেও হাসপাতালে অযথা ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি।
