মুন্সীগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নারী উদ্যোক্তা মেলা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নারী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আলেয়া ফেরদৌসীসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন পর্যায়ের নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
মেলায় আগত অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। দিনব্যাপী আয়োজিত এ মেলায় মোট ১০টি স্টলে নারী উদ্যোক্তারা নিজেদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করেন।
মেলা শেষে একই প্রাঙ্গণে “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষ্যে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী নারী ও কন্যাশিশুর জন্য সুস্থ পরিবেশ নিশ্চিতে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন এবং নিরাপদ বাংলাদেশ গঠনে সমাজের সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
