শক্তিশালী আইনী ভিত্তি দিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ ঘোষণা করুন: খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক: ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উপলক্ষে চূড়ান্ত ‘জুলাই সনদ’ অবিলম্বে ঘোষণা এবং এর জন্য একটি শক্তিশালী আইনি ভিত্তি তৈরির দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বায়তুল মুকাররম সংলগ্ন কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ দাবি জানানো হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী এবং সভা পরিচালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
নেতারা বলেন, “জুলাই সনদের খসড়ায় ১৯৪৭ সালের পূর্ববঙ্গের স্বাধীনতা আন্দোলনের পটভূমি ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ যথাযথভাবে উল্লেখ করা হয়নি। অথচ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে মুসলিম জাতীয়তার ভিত্তিতে পূর্ববঙ্গের স্বাধীনতা ও বাংলাদেশের অভ্যুদয়ে এই ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তারা আরও বলেন, “আমরা দাবি করছি, চূড়ান্ত সনদের সূচনায় ‘বিসমিল্লাহির রাহমানির রাহীম’ সংযোজন, ১৯৪৭ ও ১৯৭১ সালের ঘটনাগুলোকে যথাযথ মর্যাদায় স্মরণ এবং দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় মূল্যবোধের প্রতি পূর্ণাঙ্গ সম্মান জানানো হোক।”
বৈঠকে নেতারা অভিযোগ করেন, পরাজিত ফ্যাসিস্ট অপশক্তি এখনো নাশকতার অপচেষ্টায় লিপ্ত। এসব শক্তিকে কঠোর হাতে দমন করার আহ্বান জানিয়ে তারা বলেন, “আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরো সক্রিয় ও দায়িত্বশীল হতে হবে।”
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে, অর্থাৎ ৫ আগস্ট, সারা দেশে জনগণ যাতে নির্বিঘ্নে কর্মসূচি পালন করতে পারে, সে বিষয়ে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
নেতারা আরও বলেন, “বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যেসব গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে, তা অবশ্যই নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জনসমক্ষে প্রকাশ করতে হবে। জনগণ এখন আর কোনো অন্যায় সহ্য করবে না।”
সভায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা শায়খুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক তাওহীদুল ইসলাম তুহিন, মুফতি আবদুল হক আমিনী, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা নুরুল হক, অ্যাডভোকেট মাওলানা রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
খেলাফত মজলিসের নেতৃবৃন্দ ‘জুলাই সনদ’কে নতুন বাংলাদেশের পথনির্দেশিকা হিসেবে চূড়ান্তভাবে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি আন্তরিক ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
