|

দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট অভিযান: ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা ও সতর্কবার্তা প্রদান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ আইন, শব্দদূষণ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালাসমূহ বাস্তবায়নের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে আজ দেশজুড়ে একযোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলা শহরে পরিচালিত এ অভিযানে নিষিদ্ধ পলিথিন, শব্দদূষণ এবং বায়ুদূষণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

ঢাকা মহানগরের চকবাজার ও শান্তিনগর এবং যশোর জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের উৎপাদন, বিক্রয় ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিচালিত ৩টি মোবাইল কোর্টে মোট ৭টি মামলা দায়ের করা হয়। অভিযানে ১ লাখ ১ হাজার টাকা জরিমানা আদায় এবং ১২২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। এ সময় বেশ কয়েকটি সুপারশপ ও দোকানের মালিকসহ সাধারণ জনগণকে সতর্ক করা হয় এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করা হয়।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে কক্সবাজার, পঞ্চগড়, রংপুর, রাজবাড়ী, নারায়ণগঞ্জ ও ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় পরিচালিত ৬টি মোবাইল কোর্ট অভিযানে ১৯টি মামলার মাধ্যমে ২৬ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ৩০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট যানবাহনের চালকদের সতর্ক করা হয়।

ঢাকা মহানগরের খিলক্ষেত এলাকায় যানবাহন থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের বিরুদ্ধে পরিচালিত অভিযানে ৪টি মামলা দায়ের করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট পরিবহন চালকদের সতর্ক করা হয়।

এছাড়া, বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুসারে পঞ্চগড় এবং ঢাকা মহানগরের বনশ্রী ও রামপুরা এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা বায়ুদূষণের অভিযোগে ২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। অভিযানে ৩টি মামলার মাধ্যমে ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে আশপাশের কয়েকটি প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয় এবং তাৎক্ষণিকভাবে নির্মাণ সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের এ সমন্বিত মোবাইল কোর্ট অভিযানের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সরকারের দৃঢ় অবস্থান ও সচেতনতা বৃদ্ধির প্রতিফলন ঘটে। জনসাধারণের সহযোগিতা ও পরিবেশবান্ধব আচরণই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।

Spread the love

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *