শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক

মুন্সীগঞ্জ প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে দিতে মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন এতিমখানা ও শিশু পরিচর্যা প্রতিষ্ঠানে শিশু-কিশোরদের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
বৃহস্পতিবার (২৮ মে) জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে তিনি শ্রীনগর উপজেলার ভাগ্যকূলে অবস্থিত সরকারি শিশু পরিবার (বালক) পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত শিশু-কিশোরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, খোঁজখবর নেওয়া এবং তাদের সঙ্গে সময় কাটানোর মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন। পরে শিশুদের সঙ্গে একত্রে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন এবং তাদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
এরপর জেলা প্রশাসক মুন্সীগঞ্জ সদর উপজেলার ‘মুন্সীগঞ্জ হাফিজিয়া দারুল উলূম মাদরাসা’ পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন এবং কিছু সময় তাদের সঙ্গে কাটান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, মুন্সীগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান এবং শ্রীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা হাছিবুর রহমান।
আয়োজকরা জানান, শিশুদের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে সমভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার চেতনায় আয়োজিত এ কর্মসূচি ঈদুল আজহার ত্যাগ, সম্প্রীতি ও মানবকল্যাণের শিক্ষাকে আরও অর্থবহ করে তুলেছে।
