মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে গণশুনানি অনুষ্ঠিত

মো. আঃ মালেক, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়মিত গণশুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত এ গণশুনানিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সেবাগ্রহীতারা তাদের নানা সমস্যা, অভিযোগ ও আবেদন তুলে ধরেন।গণশুনানি কার্যক্রমে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। তিনি আগত নাগরিকদের বক্তব্য ও অভিযোগ মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
এ সময় গণশুনানিতে অংশ নেওয়া নাগরিকরা ব্যক্তিগত বিভিন্ন সমস্যা ছাড়াও এলাকার সামষ্টিক নানা সমস্যার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন। জেলা প্রশাসক এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।গণশুনানির মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি জেলা প্রশাসনের কাছে তাদের সমস্যা তুলে ধরার সুযোগ পাওয়ায় নাগরিক সেবা আরও সহজ ও জনবান্ধব হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
